চরফ্যাশনে ফ্রেশ সিমেন্টের নির্মাণশিল্পী মিলনমেলা ও রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে নির্মাণশিল্পীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক নির্মাণ প্রযুক্তির প্রসার এবং টেকসই ভবন নির্মাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রেশ সিমেন্টের উদ্যোগে এক বর্ণাঢ্য “নির্মাণশিল্পী মিলনমেলা ও রাজমিস্ত্রি কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চরফ্যাশন শহরের খানদানী রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১২০ জন নির্মাণশিল্পী ও রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Meghna Group of Industries-এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলার পরিবেশক একে ট্রেডার্স এর সত্বাধিকারী কামাল হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে ফ্রেশ সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার হারুনুর রশীদ, সিনিয়র ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং টেকনিক্যাল ম্যানেজার আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন সুমন ও মো: হাসনাইন।
কর্মশালায় সিমেন্টের সঠিক ব্যবহার, উন্নতমানের নির্মাণ উপকরণ নির্বাচন, নির্মাণকাজে গুণগত মান বজায় রাখা, ভবনের স্থায়িত্ব বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক নির্মাণ প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টেকনিক্যাল ম্যানেজার আতিকুল ইসলাম বিভিন্ন কারিগরি বিষয় তুলে ধরেন এবং অংশগ্রহণকারী নির্মাণশিল্পীদের নানা প্রশ্নের উত্তর দেন।
বক্তারা বলেন, দক্ষ নির্মাণশিল্পী গড়ে তোলা এবং নির্মাণ খাতে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির বিকল্প নেই। এ ধরনের আয়োজন নির্মাণশিল্পীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নির্মাণশিল্পীদের দক্ষতা উন্নয়ন ও মানসম্মত নির্মাণ সংস্কৃতি গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।
নির্মাণশিল্পীদের সক্রিয় অংশগ্রহণ, মতবিনিময় এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *