চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
“আপনার কণ্ঠই আমাদের শক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলের কণ্ঠস্বর কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম-এর উপদেষ্টা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশন হলরুমে রেডিও মেঘনার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও উপদেষ্টা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি রেডিও মেঘনার বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে উপস্থিত সদস্যদের মতামত ও সুপারিশ আহ্বান করেন।
এ সময় রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার মৌসুমি রানী দাস পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রেডিওর অর্জন ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এছাড়াও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রেডিও মেঘনার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “তৃণমূল পর্যায়ে রেডিওর প্রয়োজনীয়তা এখনো অপরিসীম। রেডিও শোনার জন্য আলাদা সময় বের করতে হয় না, তাই এর জনপ্রিয়তা কখনো কমবে না।” তিনি রেডিও মেঘনার কার্যক্রমের প্রশংসা করে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন সভা-সেমিনারে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের সেবা, ভূমি-সংক্রান্ত নিয়মকানুন ও জনসচেতনতামূলক তথ্য নিয়মিত প্রচারের পরামর্শ দেন।
উপদেষ্টা কমিটির সদস্য মো. মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, “গত ১২ বছর ধরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রেডিও মেঘনা।” তিনি দুর্যোগকালীন সময়ে রেডিওর গুরুত্ব তুলে ধরে সম্প্রচার ফ্রিকোয়েন্সি সম্প্রসারণে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা কমিটির সদস্য ডা. মো. মেরাজুল ইসলাম দিপু আরও বেশি ইতিবাচক সংবাদ ও স্বাস্থ্যসচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, ইতিবাচক সংবাদ মানুষের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। স্বাস্থ্যবিষয়ক তথ্য আরও বেশি প্রচার করা হলে রোগের প্রকোপও কমে আসবে।
অতিথি হিসেবে চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী বলেন, “উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি, শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতা বৃদ্ধিতে রেডিও মেঘনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আরও বেশি করে তুলে ধরার মাধ্যমে এই কমিউনিটি রেডিও জনগণের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও জনস্বার্থে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি আশা করি।”
উপদেষ্টা কমিটির সদস্য মো. ফিদা হাসান সরকারি বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা ও জনকল্যাণমূলক তথ্য নিয়মিত প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রেডিও মেঘনা এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, উপকূলীয় কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি সম্প্রচার কার্যক্রম শুরু করে। ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত রেডিওটি সফলভাবে ১২তম বছরের কার্যক্রম পরিচালনা করছে।
