নজরুল বর্ষ উপলক্ষে চরফ্যাশনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
‘নজরুল বর্ষ’ উপলক্ষে ভোলার চরফ্যাশনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন, চরফ্যাশনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়সর আহমেদ কমল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী এবং চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মিয়াজী।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালি জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনায় গভীর প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নজরুল বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, অনুষ্ঠানের পর আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘স্পেস টু লিড’ প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *