চরফ্যাশনে PROTISTHAA প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সারাদেশ


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে, Action Against Hunger (ACF)-এর সহযোগিতায় এবং ECHO-এর অর্থায়নে পরিচালিত PROTISTHAA প্রকল্পের এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, উপজেলা প্রকৌশলী জগলুল ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এম.কে.এম. আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি সজিব শাহরিয়ার, মেডিকেল অফিসার ডা: তৌহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম, একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ছানাউল্লাহ আজম এবং কৃষি উদ্যোক্তা সোলাইমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, যুব প্রতিনিধি, সিভিল সোসাইটির সদস্য, এনজিও প্রতিনিধিসহ PROTISTHAA প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন PROTISTHAA প্রকল্পের রিপোর্টিং অ্যান্ড মনিটরিং অফিসার হাসান মাহমুদ।
পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন কৌশল, প্রত্যাশিত ফলাফল এবং দুর্যোগের পূর্বাভাসভিত্তিক উদ্যোগ (Anticipatory Action)-এর গুরুত্ব তুলে ধরেন PROTISTHAA প্রকল্পের চরফ্যাশন উপজেলা ম্যানেজার মো. নাজমুল হোসাইন।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। আলোচনায় উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত ঝুঁকিপূর্ণ পরিবারকে অন্তর্ভুক্ত করা, নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, ঝুঁকিপূর্ণ অন্যান্য ইউনিয়নকে প্রকল্পের আওতায় আনা এবং দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “সরকারের সহযোগী হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”
তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও প্রকল্পের সফলতা কামনা করে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন PROTISTHAA প্রকল্পের চরফ্যাশন উপজেলা ম্যানেজার মো. নাজমুল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *