(ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে জমি দখলে বাধা দেওয়ায় দুই শিক্ষার্থীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে হানিফ চৌকিদার, আজাদ চৌকিদার, মহিজ চৌকিদার,আক্তার চৌকিদার, সামছুদ্দিন চৌকিদারের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার( ২ এপ্রিল) আমিনাবাদ ২নং ওয়ার্ডে বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে
আহত দুই শিক্ষার্থী হলেন আমিনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন এর ছেলে সৈকত ও তার বন্ধু সজিব। অভিযুক্তদের বাড়ি একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ১ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন কর্তব্যরত ডাক্তার।
আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত ২ এপ্রিল সকাল ১০ টার দিকে আমার প্রতিপক্ষ হানিফ চৌকিদার, আজাদ চৌকিদার, মহিজ চৌকিদার,আক্তার চৌকিদার, সামছুদ্দিন চৌকিদার বিরোধীয়
জমি দখল করতে গেলে আমার ছেলে সৈকত তার দুই জন সহপাঠী সহ মটর বাইকে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায়। এ সময় আমার ছেলে জমি দখল চেষ্টাকারীদেরকে জিজ্ঞেস করে কেন তারা বিরোধীয় জমিতে কাজ করছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমার ছেলে সৈকতকে মারধর করে, এ সময় তার সহপাঠী সজিব তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তার উপরও হামলা করা হয়। ঘটনার সময় আমি চরফ্যাশন বাজারে ছিলাম।
এ ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগের আলোকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
