মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফ্যাশনের প্রবাসী যুবকের মৃত্যু

সারাদেশ


কামাল মিয়াজী , চরফ্যাশন,ভোলা:
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রবিন মোল্লা নামের চরফ্যাশনের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই রুমে থাকা আরো চারজন নিহত হয়েছেন।
নিহত রবিন মোল্লার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলাম পুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে। তিনি মোল্লা বাড়ির মো: সিরাজ মোল্লা ও আরজু বেগমের ছেলে। প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান রবিন।
পরিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের মতো কাজ শেষে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ২টার দিকে তাদের থাকার রুমে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে রবিন মোল্লাসহ রুমে থাকা আরও চারজন ঘটনাস্থলেই নিহত হন।
জানা গেছে, ব্যাংক ঋণ ও ধার করা টাকায় প্রবাসে গিয়েছিলেন রবিন। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল তার পরিবার। অবিবাহিত রবিন প্রবাসে থেকে আয় করে ঋণ পরিশোধ করে দেশে ফিরে একটি ঘর নির্মাণ ও বিয়ে করার স্বপ্ন দেখতেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় তার সব স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেছে।
রবিনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
দ্রুত সময়ের মধ্যে রবিন মোল্লার মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছে নিহতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *