কামাল মিয়াজী, ভোলা থেকে:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মনপুরা দ্বীপে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের দরপত্র আহ্বান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপডিকো)। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে।
প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ কেভি সাবমেরিন ক্যাবলের নকশা, সরবরাহ, স্থাপন ও কমিশনিংসহ সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করা হবে টার্নকি ভিত্তিতে। প্রকল্পের আওতায় প্রতিটি ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪টি রানসহ মোট ২৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে। সেই সঙ্গে নির্মাণ করা হবে অত্যাধুনিক ল্যান্ডিং স্টেশন। প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপের প্রায় ৯০ হাজার মানুষ সরাসরি এই বিদ্যুৎ সেবার আওতায় আসবে। বর্তমানে ডিজেলনির্ভর ও সীমিত বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তে দ্বীপবাসী নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সুবিধা পাবে।
সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন জানান, নির্বাচনের সময় দ্বীপবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের এই কাজ শুরু হয়েছে। ওজোপডিকো জানিয়েছে, অভিজ্ঞ ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহ আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে মনপুরার শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও পর্যটন খাতে বিপ্লব ঘটবে, যা দ্বীপটির সামগ্রিক অর্থনীতিতে নতুন যুগের সূচনা করবে।
