কামাল মিয়াজী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন,
চাঁদাবাজ দখলদার,সন্ত্রাসীদেরকে আমরা ছেড়ে দেব না, আপনাদেরকে সাহস রাখতে হবে,অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সরাসরি এদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে তাদেরকে ধরে পুলিশে দিতে হবে। মোট কথা এদের ব্যাপারে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনারা যদি সচেতন না হন, আমি কি একা একা সব অপরাধীদের দমন করতে পারবো? চাঁদাবাজ যেই হোক না কেন,আমি আপনাদেরকে কথা দিচ্ছি চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসাদেরকে বিএনপি করতে দেবো না। দুর্বৃত্ত, চোর ডাকাত, মাদক ব্যবসায়ী, দখলদার,চাঁদাবাজদের বিএনপি করার দরকার নেই। এদের ছাড়া বিএনপি ভালো চলবে ইনশাআল্লাহ।
তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরো বলেন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে মানবিক রাস্ট্রে পরিনত করতে চান। যে বাংলাদেশে আর সন্ত্রাস ফিরে আসবে না, দুর্নীতি ফিরে আসবে না,বৈষম্য ফিরে আসবে না। রাষ্ট্র সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিএনপি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন।
আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে
প্রত্যেক পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে
স্বাস্থ্য কার্ড, কৃষকদেরকে জন্য
কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং অন্যান্যদের কাছে ধানের শীষে ভোট চাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। সমাবেশে বিএনপির উপজেলা ও পৌর নেতৃবৃন্দ ও কয়েক হাজার নারী ভোটার উপস্থিত ছিলেন।
