চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) কার্যক্রম জোরদারের লক্ষ্যে ভোলার চরফ্যাশনে প্রকল্প অবহিতকরণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ইউনিসেফ বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর বাস্তবায়নে পরিচালিত ‘মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (SBC) প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সুশীলনের পক্ষ থেকে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম, অর্জিত অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
উপস্থাপনা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ও আচরণগত পরিবর্তন, সরকারি স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মো. এমদাদুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন, মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরুনবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. আব্দুল খায়ের এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।
বক্তারা বলেন, মা, শিশু ও কিশোর-কিশোরীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা ইউনিসেফ বাংলাদেশ ও সুশীলনের সময়োপযোগী এ উদ্যোগের প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সুশীলনের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী সজীব রহমান, এডমিন অফিসার মোসলেহ উদ্দিন আহমাদ, ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মারুফা সুলতানা এবং প্রজেক্ট অফিসার জগন্নাথ রায়।
উন্মুক্ত আলোচনার ভিত্তিতে সভায় উপজেলা পর্যায়ে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার, মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই ফলাফল অর্জনের লক্ষ্যে একটি কার্যকর উপজেলা অ্যাকশন প্ল্যান প্রণয়নের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সুশীলনের এ উদ্যোগ মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কল্যাণে টেকসই সামাজিক ও আচরণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
