চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত তিনজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চরফ্যাশন উপজেলা শাখা।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মার্কেটে শিক্ষক সমিতির কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। পরে শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন— ২০২৬ সালের শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত ৬২ নং ভূইয়ার হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ১০ নং মধ্য ওসমানগঞ্জ-২ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে ১৬১ নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াছমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি ও শিবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন মমিন। সভাপতির বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হাই হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন কচুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, ৬২ নং ভূইয়ার হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এবং জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম শরীফ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধিতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সুরাইয়া আক্তার বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার সহকর্মী ও শিক্ষার্থীদেরও প্রেরণা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আমি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নিলুফা ইয়াছমিন বলেন, “কাব কার্যক্রম শিশুদের নেতৃত্ব, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্মাননা আমাকে শিশুদের নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ কাব শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
