চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া চরফ্যাশন উপজেলার নদী ও সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধের ওপর ও আশপাশে বসবাসকারী অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় তিনি সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার সামরাজ, বেতুয়া নতুন স্লুইসঘাটসহ বিভিন্ন নদী ও সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শনকালে তিনি অসহায়, ক্ষুধার্ত, নিম্ন আয়ের শ্রমজীবী ও জেলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। ইউএনও রুমানা আফরোজ বলেন, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা দুর্যোগের সময়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
