চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত পরিবেশ বজায় না রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাইসেন্স নবায়ন এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত সেবার পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য বিভাগ ও চরফ্যাশন থানা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
