চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের উন্নয়ন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
​ভোলার চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের বৈধভাবে ক্রয়কৃত জমিতে উন্নয়নমূলক কাজে বাধা প্রদান, জমি জবরদখলের চেষ্টা এবং সংস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কোস্ট ফাউন্ডেশনের চরফ্যাশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার ভোলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম। সংবাদ সম্মেলনে জানানো হয়, চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের গণস্বাস্থ্য সংলগ্ন পশ্চিম পাশে ৬৯ শতাংশ জমি ২০২১ সালে ‘চার্চ অব বাংলাদেশ’-এর কাছ থেকে ৩২ লক্ষ টাকায় ক্রয় করে কোস্ট ফাউন্ডেশন। উক্ত জমিতে গত ১৮ এপ্রিল ‘কোস্ট রিসোর্স ও বালাইনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল তাতে বারবার বাধা প্রদান করে।

​সংবাদ সম্মেলনে এই ঘটনার সাথে জড়িত ও অভিযুক্ত হিসেবে ১৮ জনের নাম প্রকাশ করা হয়। অভিযুক্তরা হলেন— ছায়েদ ফরাজী (পিতা: মৃত মজিদ ফরাজী), রফিক ফরাজী (পিতা: ছায়েদ ফরাজী), মামুন হাওলাদার (পিতা: মৃত বারেক হাওলাদার) বাবুল পাটোয়ারী (পিতা: মৃত মোতাহার পাটোয়ারী), সিরাজ বেপারী (পিতা: মৃত খালেক বেপারী), মাইনুদ্দিন (পিতা: ছায়েদ ফরাজী), বশির (পিতা: মৃত রহমান দালাল), ছালাউদ্দিন (পিতা: ফজলুল করিম), শাহিন (পিতা: বাবুল পাটোয়ারী), কামাল (পিতা: কালাম রাড়ি),আবু তাহের সিকদার (পিতা: মালেক সিকদার), শাহে আলম (পিতা: মৃত তোফায়েল), ইউনুস (পিতা: ফজলু ডাক্তার), ফরহাদ (পিতা: রফিক ফরাজী), রুহুল আমিন (পিতা: মৃত করিম মুন্সি), মনছুর আহমেদ (পিতা: মৃত হারিছ আহমেদ), আজাহার (পিতা: মৃত নুরুল ইসলাম), আনোয়ার (পিতা: করিম মুন্সি)। সংবাদ সম্মেলনে এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

​লিখিত বক্তব্যে জানানো হয়, উল্লিখিত ব্যক্তিরা গত ৬ মে সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে এলাকায় মানববন্ধন ও র‍্যালি করেছে এবং নির্মাণ কাজে বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে গত ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসলেও প্রতিপক্ষরা তাদের দাবির সপক্ষে কোনো বৈধ কাগজ পত্র উপস্থাপন করতে পারেনি। সংবাদ সম্মেলনে বক্তারা আক্ষেপ করে বলেন, উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচনে কাজ করা একটি সংস্থার জনকল্যাণমূলক প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে মূলত জমি দখলের অসৎ উদ্দেশ্যে। কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ষড়যন্ত্র বন্ধ করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ উন্নয়ন কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: শাহাবুদ্দিন। এ সময়
উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার টিম লিডার রাশেদা বেগম, ক্ষুদ্র ঋণ আঞ্চলিক সমন্বয়কারী জহির উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্রশীল, টেকনিক্যাল কর্মকর্তা মাকছুদুর রহমান সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *