চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
তাবলিগ জামাতের জুবায়েরপন্থি অংশের আমির মাওলানা জুবায়ের আহমেদের সফরকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদে বয়ান ও তাবলিগ জামাতের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শনিবার ভোরে ঢাকার সদরঘাট থেকে ‘তাসরিফ’ লঞ্চযোগে চরফ্যাশনে পৌঁছান মাওলানা জুবায়ের আহমেদ। পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদে অবস্থান করেন। এ সময় তিনি বয়ান পেশ করেন এবং তাবলিগ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
মাওলানা জুবায়েরের আগমন ও বয়ানকে কেন্দ্র করে খাসমহল জামে মসজিদ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। আয়োজকদের দাবি, বয়ান শুনতে প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ উপস্থিত হন। বয়ান শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করলেও কিছুসংখ্যক অনুসারী ও আয়োজক সেখানে অবস্থান করেন।
এদিকে দুপুরে ২২ শতাধিক মুসল্লির খাবারের আয়োজনের অর্থায়ন করেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সেক্রেটারি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
তাবলিগ জামাতের এ কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন চরফ্যাশন উপজেলা তাবলিগ জামাতের আমির আলহাজ মাওলানা মনিরুজ্জামান মালতীয়া।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন মাওলানা জুবায়ের আহমেদ।
স্থানীয় সূত্র জানায়, মাওলানা জুবায়ের আহমেদের আগমন ও বয়ানকে ঘিরে চরফ্যাশনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচি ঘিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বয়ান ও অন্যান্য কার্যক্রম শেষ হয়।
