চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।”
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। এ চেতনা ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
