চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, বরিশাল বিভাগের সহকারী পরিচালক মোহাঃ শরিফুল ইসলাম মোল্লা।
অভিযানকালে ফার্মেসির মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও নিয়ম যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
