কামাল মিয়াজী , চরফ্যাশন,ভোলা:
চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নে ৪৮নং চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সিঁড়ির মধ্যে আটকে পড়া ৪র্থ শ্রেনির ছাত্রী সাদিয়াকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল তিনটার দিকে আটকা পড়া শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোঃ আবদুল হাই এর নেতৃত্বে ড্রাইভার শেখ মিজানুর রহমান, ফায়ারফাইটার মোঃ ইসমাইল হোসেন, মোঃ মাহাবুব আলম, মোঃ মাসুদ রানা ও পলাশ চন্দ্র রায় এর সমন্বিত একটি দল দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার সরঞ্জাম হাইড্রলিক পাওয়ার ইউনিট ও হাইড্রলিক স্প্রেডার ব্যবহার করে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে বাচ্চাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক নাছরিন বেগম জানান,
অসাবধানতাবশত সিড়ির ফাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর পা আটকা পড়ে, প্রাথমিকভাবে চেষ্টা করে তার পা বের করতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেই, তারা এসে প্রায় ২০ মিনিটের দুঃসাহসিক উদ্ধার অভিযানে শিক্ষার্থীকে বের করতে সক্ষম হয়।
