চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়ন শুক্রবার (১১ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও রোগীদের সেবার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন।

পরিদর্শনকালে এমপি নূরুল ইসলাম নয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যমান জনবল দিয়ে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসে। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং রোগীদের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমপি নূরুল ইসলাম নয়ন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সর্বসাধারণের সহযোগিতা থাকলে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের অন্যতম সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে উঠতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হাসপাতাল থেকে দালাল নির্মূল এবং চিকিৎসাসেবা সহজ করার লক্ষ্যে তিনি সাধারণ মানুষকে নির্ধারিত ভিজিটিং আওয়ারে ভর্তি রোগীদের দেখতে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে নির্ধারিত ভিজিটিং আওয়ারের বাইরে চিকিৎসা গ্রহণের প্রয়োজন ছাড়া হাসপাতালে অহেতুক ভিড় না করার জন্যও আহ্বান জানান।

এমপি নূরুল ইসলাম নয়ন বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে রোগী ও স্বজনদের সচেতনতা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *