স্বার্থন্বেষী মহল ক্ষমতার লোভে আমেরিকার সাথে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

রাজনীতি সারাদেশ

কামাল মিয়াজী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা দেখেছি কারা বাংলাদেশে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে , কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কারা বেগমপাড়া তৈরি করেছে। কারা বিদেশি প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। ৫৪ বছরে বারবার বিভিন্ন দল ক্ষমতায় এসেছে কিন্তু জনগণের লাভ হয়নি। গণঅভ্যুত্থানের পর এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা নীতির মধ্য দিয়ে মানুষ লাভবান হবে সেটি হচ্ছে কালজয়ী নীতি ইসলাম। আমরা যখন ইসলামী ভোটের জন্য এক বাক্সনীতি গ্রহণ করেছিলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। কিন্তু স্বার্থন্বেষী মহলকে ক্ষমতার লোভ পেয়েছিলো, তাই ঐক্য টিকেনি। তারা এখন ক্ষমতায় যাওয়া লোভে আমেরিকার সাথে গোপন বৈঠক করে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন সরকারী টিবি মডেল হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল চরমোনাই একা হয়ে পড়েছে। বাস্তবে ইসলামী আন্দোলন এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। মানুষ হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।
তিনি আরো বলেন, ‘ইসলাম মানে শরিয়া, আমরা হজ্ব করি, রোজা রাখি ও নামাজ আদায় করি এটাই শরিয়া। এখন যারা বলে ‘আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না তবে প্রচলিত আইনে দেশ চালাবো’ আসলে এদের বাস্তবতা হলো বাহ্যিকটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরটা ‘মাকাল ফল’।’

চরমোনাই পীর মুফতি রেজাউল করিম ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের হাতে হাতপাখা তুলে দেন। এবং সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোলা-৪ আসনে হাতপাখা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে তিনি সবার প্রতি আহবান জানান ।

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আলোচক মাওলানা হাবিবুর রহমান মেজবাহ,ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ প্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *