কামাল মিয়াজী ,চরফ্যাশন(ভোলা):
চরফ্যাশনে হৃদরোগে আক্রান্ত হয়ে উপ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি চরফ্যাশন থানার সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার পূর্ব আউলিয়া পুর গ্রামে। তার পিতা মৃত আবদুল মজিদ মিয়া।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চরফ্যাশন থানা পুলিশে শোক বিরাজ করছে।
চরফ্যাশন থানা পুলিশ সূত্র জানায় , আজ ইফতারের পর চরফ্যাশন থানা কমপ্লেক্সে নিজ রুমে অসুস্থবোধ করেন এসআই সাইফুল ইসলাম । নিকটে হাসপাতাল হওয়ায় তিনি সহকর্মীদের সহায়তায় নিজেই দ্রুত হাসপাতালে চলে যান। কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শুরু করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
জরুরী বিভাগের চিকিৎসক হাসান মাহমুদ জানান, আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হন, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন।
সাইফুল ইসলাম ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৩ বছর চাকরি জীবনে সর্বশেষ ১৪ জুন ২০২১ সালে
চরফ্যাশন থানায় যোগদান করে এই থানায় কর্মরত থাকাকালীন তার মৃত্যু হয়।
সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশিদ বলেন, সাইফুল ইসলামের মত একজন পেশাদার পুলিশ কর্মকর্তার মৃত্যুতে চরফ্যাশন পুলিশ গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমরা পুলিশের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এ দিকে চরফ্যাশন থানায় প্রথম জানাজা শেষে পুলিশ কর্মকর্তার লাশ তার নিজ এলাকা পটুয়াখালী নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন চরফ্যাশন থানা।
