চরফ্যাশনে সাংবাদিকদের বিরুদ্ধে কটুক্তিকারী যুবকের বিরুদ্ধে থানায় জিডি

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কটুক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জে এইচ রাজু নামের এক যুবকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন গোলাদার বাদী হয়ে চরফ্যাশন থানায় এ জিডি দায়ের করেন। জিডির নম্বর ৩০৮, তারিখ ৭ জানুয়ারি ২০২৬।

শনিবার (১০ জানুয়ারি) চরফ্যাশন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক নামধারী ওই যুবক জে এইচ রাজু নিজেকে একটি জাতীয় পত্রিকার সাংবাদিক এবং চরফ্যাশন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নানা সময় হয়রানি করে আসছিল। বিষয়টি প্রেসক্লাবের নেতৃবৃন্দের নজরে এলে পেশাদার সাংবাদিকরা তার এসব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেন।
এতে ক্ষুব্ধ হয়ে জে এইচ রাজু চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে কটুক্তি ও মিথ্যা, মানহানিকর বক্তব্য প্রচার করেন। বিষয়টি নজরে আসার পর সাইবার ক্রাইম আইনে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়।

এ বিষয়ে চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, “রাজু নামের ওই যুবক একজন প্রতারক। তিনি কখনো নিজেকে সাংবাদিক, কখনো ব্যবসায়ী, কখনো চাকরিজীবী, আবার কখনো রাজনীতিবিদ কিংবা বিভিন্ন সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িত। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে প্রেসক্লাব ও স্থানীয় পেশাদার সাংবাদিকরা বাধা দিলেও তার দৌরাত্ম্য কমছে না। সাংবাদিকদের সম্মান ও সুনাম রক্ষার্থে আমরা দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *