কামাল মিয়াজী, চরফ্যাশন (ভোলা) : ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে মানবিক রাস্ট্রে পরিনত করতে চান, যে বাংলাদেশে আর সন্ত্রাস ফিরে আসবে না, দুর্নীতি ফিরে আসবে না,বৈষম্য ফিরে আসবে না। রাষ্ট্র সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিএনপি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। তিনি সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নে ধানের শীষের প্রচারণার সময় বিভিন্ন পথসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরো বলেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করতে চায়, যারা ৭১ সালে পাক বাহিনীর হাতে আমাদের মা বোনকে তুলে দিয়েছিলো, তারা এখন মা বোনদের কাছে ভোট চায়। এই দলের আমীর আমাদের চাকরীজীবী মা বোনদের নিয়ে কটুক্তি করে। এদেরকে আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। তিনি আরো বলেন, যারা মাদক কারবারি ও চাঁদাবাজি করে মানুষের জীবন দুর্বিষহ করছে তাদের নামের তালিকা করে আমার কাছে দিবেন আপনাদের ভোটে নির্বাচিত হলে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও চর কলমী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচন সমন্বয়কারী কামাল গোলদার, সহ-সমন্বয়কারী মোশারফ হোসেন বাবলুসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
