কামাল মিয়াজী, চরফ্যাশন (ভোলা) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুদ্দিনের কাছ থেকে নুরুল ইসলাম নয়নের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সাংবাদিকদেরকে বিএনপি নেতৃবৃন্দ বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে নুরুল ইসলাম নয়ন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার পক্ষে আমরা মনোনয়ন উত্তোলন করেছি।আমরা আশাবাদী জনগণ আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে স্থানীয় সন্তান হিসেবে তাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক এটাই বিএনপির প্রত্যাশা।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনে এখন পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থীসহ মোট দুইজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তফসিলে নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন।
