নির্বাচনী সভায় অশালীন ভাষা ব্যবহার করায় জামায়াত নেতা এড. পারভেজকে শোকজ!

সারাদেশ

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় বিএনপিকে নিয়ে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ
ভাষায় কথা বলায় জামায়াত নেতা এডভোকেট পারভেজ হোসেনকে শোকজ করা হয়েছে। ভোলা-৪ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করেন। শোকজে বলা হয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৫ অনুযায়ী নির্বাচনি প্রচারণা কালে ব্যক্তিগত কুৎসা রটনা, অশালীন এবং আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোন ধরণের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর বক্তব্য প্রদান করিতে পারিবেন না। উক্ত ঘটনাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৫ (ক) ভঙ্গ বলে প্রতীয়মান হয়।

এর আগে তার বিরুদ্ধে
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে ১ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ভোলা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মোস্তফা কামাল (দাঁড়িপাল্লা) ওসমানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক উঠান বৈঠকে এ্যাড. পারভেজ হোসেন বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমান ও চরফ্যাশন-মনপুরার বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে যাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। (https://www.facebook.com/share/v/1FprSnctYD/)। এতে বিএনপি এবং বিএনপির প্রার্থীর ভাবমূর্তি মানক্ষুন্ন হয়েছে।

অভিযোগে তাই জামায়াত নেতা এ্যাড. পারভেজ হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন তিনি।
তার অভিযোগের আলোকে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি
জামায়াত নেতা এডভোকেট পারভেজ হোসেনকে শোকজ করেন।
অভিযোগ প্রসঙ্গে এডভোকেট পারভেজ হোসেন বলেন, এটি আমার রাজনৈতিক বক্তব্য ছিলো। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও লোকমান হোসেন জানান, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *