চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে বাইক দূর্ঘটনায় মুনতাহা নামের ৫ বছরের কন্যা শিশু মারা গেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে আবদুল্লাহ পুর ইউনিয়নের আবদুল্লাহ পুর বাজারে উত্তর পাশে হাজী বাড়ির সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুনতাহার দাদা আবু সাঈদ গুরুতর আহত হন।
নিহত শিশু মুনতাহা উপজেলার কলমী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর এলাকার বাসিন্দা মেহেদীর একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী হযরত আলী বলেন,
আবদুল্লাহ পুর বাজারের উত্তর পাশে ৬ নং ওয়ার্ডে বিকাল সাড়ে ৪ টা গাছ কেটে বাড়িতে যাওয়ার পথে আমার পিছনে একটি শব্দ শুনতে পাই, পিছনে তাকিয়ে দেখি একটি বাচ্চা রাস্তের পাশে বাইকের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একই স্থানে এক ব্যক্তি ও আরেক শিশু পড়ে আছে। আমরা কয়েকজন দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে শিশু মুনতাহকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার এস আই মনির বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করছি, নিহত শিশু মুনতাহার দাদা মাওলানা আবু সাঈদ তার মেয়ে তানজিলা (৯) ও নাতনি মুনতাহাকে নিয়ে মটর সাইকেল চালিয়ে তজুমদ্দিনে তার বড় মেয়ের বাড়ি থেকে চরফ্যাশনের কলমী ইউনিয়নের বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে আসলে মটর সাইকেলের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খাম্বার সাথে আঘাত লাগে। এ সময় শিশু মুনতাহা মুখমণ্ডল ও মাথায় গুরুতর জখম হয়ে মারা যায়।
নিহত মুনতাহার স্বজনরা জানান, মাওলানা আবু সাঈদের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে মেহেদী ঢাকায় গাড়ি চালায় এবং স্ত্রী ও একমাত্র সন্তান মুনতাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে। ৭-৮ দিন আগে আবু সাঈদ ও তার স্ত্রী বড় ছেলের মেহেদীর ঢাকার বাসায় বেড়াতে গেলে নাতনি মুনতাহা দাদা ও দাদির সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এবং আজ দাদার সাথে বড় ফুফুর বাড়ি তজুমদ্দিন উপজেলা থেকে মটর সাইকেল যোগে চরফ্যাশন দাদার বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়।
