কামাল মিয়াজী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি রাজনৈতিক দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট কিনতে চায়। দলটির নারী কর্মীরা তালিমের নামে আমাদের মা বোনদেরকে কুরআন হাতে দিয়ে শপথ করিয়ে নিজেদের দলে ভোট নিতে চায়। এই দলের উদ্দেশ্যে ভোটারদের বিভ্রান্ত করা, এদের ধোকাবাজির ব্যাপারে আমাদের মা বোনেরা সতর্ক থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের সময় নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়দের সহায়তা দেওয়া হবে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে
স্বাস্থ্য কার্ড, কৃষকদেরকে জন্য
কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার হাজারীগঞ্জ,সামরাজ মৎস্য ঘাট এলাকা ,আট কপাট,খেজুর গাছিয়া বেড়িবাঁধ এলাকায় ধানের শীষ মার্কার গণসংযোগ, নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ইভটিজার,মাদক কারবারি, চাঁদবাজদের তালিকা করে আমাকে দিবেন। আমি এদেরকে পুলিশে দেবো। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং অন্যান্যদের কাছে ধানের শীষে ভোট চাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। বিএনপির উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
